মানবপাচার রোধে আইনগত ব্যবস্থা জোরদারের তাগিদ
মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার মোকাবিলায় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীনে আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভায় তিনি এ কথা বলেন। ‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’ শীর্ষক সভায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন আইনমন্ত্রী।
বক্তব্যে তিনি মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমনে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন-২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং অভিবাসী কর্মী ও পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।
আইনমন্ত্রী কার্যকর আইন বাস্তবায়ন, আন্তঃসংস্থা সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
মানবিক মর্যাদা ও আইনের শাসন সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মো. আসাদুজ্জামান বলেন, অর্থনৈতিক একীভূতকরণ ও বৈশ্বিক শ্রম চলাচল যেন শ্রমিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মানের সঙ্গে পরিচালিত হয় এবং শোষণ থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।
সভায় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, ইউএনওডিসি ও ইন্টারপোলের নির্বাহী পরিচালকসহ সরকারি ও বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।


