সব অফিসের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি অফিসের ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবহারের আওতা সম্প্রসারণ করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে একটি সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামোর দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে বেসরকারি খাতের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে। এ লক্ষ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা গ্রহণ এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।


