South east bank ad

কোটায় আবেদনে বোর্ডের জরুরি নির্দেশনা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

কোটায় আবেদনে বোর্ডের জরুরি নির্দেশনা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির ক্ষেত্রে শিক্ষা কোটা (EQ-1 ও EQ-2) এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদন নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যোগ্যতা না থাকা সত্ত্বেও এসব কোটায় আবেদন করে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত ভর্তির সময় সেই নির্বাচন বাতিল করা হবে।

রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী, শিক্ষা কোটা দুই ভাগে বিভক্ত। EQ-1 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা আবেদন করতে পারবেন। আর EQ-2 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৮টি নির্দিষ্ট দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা আবেদন করার সুযোগ পাবেন।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরাও EQ-2 কোটায় আবেদন করতে পারবেন।

অন্যদিকে, মুক্তিযোদ্ধা কোটায় শুধু বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানেরা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা এ কোটায় আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সময় সংশ্লিষ্ট প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে।

BBS cable ad