শিরোনাম

South east bank ad

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৪টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন   |   পুলিশ

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৪টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
 
ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ১০৪টি হারানো মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৫৩,৪০৯ টাকা মূল মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন ও টাকা তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ দমন ও প্রযুক্তিগত সহায়তার লক্ষ্যে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অপরাধ প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গত ১ আগস্ট থেকে সেলের সদস্যরা মহেশপুরের আলোচিত নিঝুম অপহরণের রহস্য উন্মোচন, কালীগঞ্জ ও কোটচাঁদপুরের দস্যুতা মামলার ৪ জন আসামিকে গ্রেফতার এবং অস্ত্র ও ছিনতাইকৃত ফোন উদ্ধার করে।

এছাড়া গাজীপুরে (চীনা নাগরিক)-এর ১ কোটি টাকা চুরির ঘটনার মূল আসামিকে গ্রেফতারসহ ৮৭ লাখ টাকা উদ্ধার, কোটচাঁদপুরে কলেজ শিক্ষিকাকে অজ্ঞান করে ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার, সদর ও কালীগঞ্জ থানার অপহরণ মামলার ২ ভিকটিম উদ্ধার ও ২ আসামিকে গ্রেফতার এবং আলোচিত অর্পিতা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সাইবার সেল। একই সময়ে অনলাইন সাইবার বুলিংয়ের শিকার ৪০ জন ভিকটিমাকে দ্রুত সহায়তা প্রদান এবং জিডির ভিত্তিতে নিখোঁজ হওয়া ৮জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বলেন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও অপপ্রচার একটি শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আমাদের সচেতনতাই পারে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়তে। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

উদ্ধারকৃত সামগ্রী হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় হারিয়ে যাওয়া ফোন ও টাকা ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

শেখ রুহুল আমিন
ঝিনাইদহ।
মোবাঃ ০১৭১১৫৭৯২৮৫
BBS cable ad

পুলিশ এর আরও খবর: