শিরোনাম

South east bank ad

এলপিজি ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন   |   মন্ত্রী

এলপিজি ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও কমিশন বাড়ানোর দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকট চলছে। এ পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে এলপিজির দাম রাখার চেষ্টা করছে সরকার। ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য হবে না। তিনি সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আমদানিনির্ভর এ পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখা এবং আগামী বছরজুড়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এলপিজি সরবরাহে বাধা সৃষ্টি করে জনসাধারণকে জিম্মি করার চেষ্টা সরকার সহ্য করবে না। ব্যবসায়ীদের বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।






Displaying
BBS cable ad