শিরোনাম

South east bank ad

রিসোর্টের জেলা হবে গাজীপুর : ডিসি

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

রিসোর্টের জেলা হবে গাজীপুর : ডিসি

শিল্প, প্রকৃতি ও পর্যটনের সমন্বয়ে গাজীপুরকে একটি আকর্ষণীয় পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, ঢাকার কাছের জেলা হওয়ায় গাজীপুরে আসতে মানুষের সময় ও শ্রম তুলনামূলক কম লাগে। রাজধানীর কোলাহল ও ইট-পাথরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ গাজীপুরে আসে। এখানকার সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ ও বিভিন্ন রিসোর্ট পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। তিনি বলেন, সারা দেশের তুলনায় গাজীপুরে উল্লেখযোগ্য সংখ্যক রিসোর্ট গড়ে উঠেছে।
শিল্পের পাশাপাশি সবুজের সমারোহ ও নিরিবিলি পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ রয়েছে। তাই পর্যটন খাতকে আরও পরিকল্পিতভাবে বিকশিত করার যথেষ্ট সুযোগ রয়েছে এ জেলায়।

মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, পর্যটন খাতের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রিসোর্ট মালিকদের নিয়ে সভা করা হবে।
পাশাপাশি একটি সমন্বিত প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভ্রমণপিপাসুরা কোনো রিসোর্টে কতটি কক্ষ খালি রয়েছে, ভাড়া কত এবং সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে—এসব তথ্য সহজেই জানতে পারবেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটকেরা আগেই প্রয়োজনীয় তথ্য জেনে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। একই সঙ্গে রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়বে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, গাজীপুরের রিসোর্টগুলোকে কেন্দ্র করে পুরো জেলাকে একটি পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। শিল্প, প্রকৃতি ও পর্যটনের সমন্বয়ে গাজীপুরকে আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসি (ডিবি-উত্তর) মো. মাহবুবুর রহমান চৌধুরী, গাজীপুরের ইনচার্জ মো. মাইন উদ্দিন, ডা. সিয়াম মোর্শেদ প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুরের টুরিস্ট পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য-‘ডিজিটাল অ্যাজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় পর্যটনের রূপান্তর’।

BBS cable ad