শিরোনাম

South east bank ad

ডিএমপি কমিশনার হচ্ছেন মোসলেহ উদ্দিন আহমেদ?

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন   |   পুলিশ

ডিএমপি কমিশনার হচ্ছেন মোসলেহ উদ্দিন আহমেদ?

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ নিয়ে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে পুলিশের এই গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার বিকালে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্র বলছে, ডিএমপির নতুন কমিশনার নিয়োগে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোসলেহ উদ্দিন আহমেদের নাম চূড়ান্ত করেন। পরে সোমবার বিকালেই তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

তবে মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হলেও সিআইডির নতুন প্রধান হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রায় দুই মাস ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে নানা আলোচনা চলছিল। এই আলোচনায় ব্যারিস্টার জিল্লুর রহমান, সরদার নুরুল আমিন, ফারুক আহমেদ, রেজাউল করিম মল্লিক ও মোসলেহ উদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছিলো।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেন তিনি।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। বর্তমানে তিনি সিআইডি প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: