সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: কৃষি সচিব
কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
আজ রোববার রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
কৃষি সচিব বলেন, কোনো অসাধু সার ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কোথাও সার নিয়ে কৃষকের সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।
সার ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কৃষি সচিব বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে কার্যকর নজরদারি প্রয়োজন।
তিনি কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও যত্নশীল ও দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে কৃষকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বাড়াতে সরকার সারে ভর্তুকিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে মো. সেলিম খান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কৃষিকে আরও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
কৃষি সচিব কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে একদিকে উৎপাদন ব্যয় বাড়ে, অন্যদিকে মাটির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে সারের সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সারপ্রাপ্তির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অঞ্চলের সার ব্যবস্থাপনার বর্তমান চিত্র কৃষি সচিবের কাছে তুলে ধরেন।
পরে কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলাম প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকের সঙ্গে কথা বলেন।


