শিরোনাম

South east bank ad

তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোতাহার হোসেন সাজু কালের কণ্ঠকে বলেন, ‘এই তিন মামলায় তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টে তাকে নিয়মিত জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।’ তবে জামিনের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানিয়েছেন আইন কর্মকর্তা সাজিয়া শারমিন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ।
পরদিন তাকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরান হোসেনের মা কহিনুর আক্তার বাদী হয়ে ওই বছর ৯ সেপ্টেম্বর এই মামলা করেছিলেন। পরে নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত হন রফিকুল।
এ ঘটনায় ওই বছর ২৮ আগস্ট মামলা করেন রফিকুল ইসলামের স্ত্রী নার্জিয়া আক্তার। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয় তাকে।

এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে গত বছর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছর ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছর ১ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। এই রুলে শুনানির পর পৃথক তিন রায়ে নূরুল ইসলাম সুজনকে জামিন দেন উচ্চ আদালত।

BBS cable ad