শিরোনাম

South east bank ad

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ঘোষণা ডিএসসিসির

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন   |   সিটি কর্পোরেশন

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ঘোষণা ডিএসসিসির


 
এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই কর্মসূচির আওতায় আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে নিজনিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মশার প্রজননক্ষেত্র ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশকের মান নিশ্চিত করা, সঠিক প্রয়োগ পদ্ধতি অনুসরণ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’ তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ রেলওয়ে, শিক্ষা অধিদপ্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 

BBS cable ad