এইচএসসি ও সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে বলে জানানো হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ এক দিন এগিয়ে আনা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বলে জানানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই তারিখ পরিবর্তন করে ১ ডিসেম্বর নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


