ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
বৃহস্পতিবার (২৫ জুন) ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে নবগঠিত জাতীয় টাস্কফোর্স। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জিগাতলা এলাকার বিভিন্ন বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৭০ ধারা অনুযায়ী ভবনের মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবন দুটির প্রবেশপথে সতর্কতামূলক লিফলেট সাঁটানো হয়।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের সরকারি আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা সৃষ্টির উপযোগী পরিবেশ ও ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সতর্ক করা হয়। পথচারী ও ব্যবসায়ীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া মূল উদ্দেশ্য নয়; বরং জনসচেতনতা বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি জানান, জাতীয় কমিটির অধীনে গঠিত টাস্কফোর্সের অভিযান রাজধানীজুড়ে অব্যাহত থাকবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


