ইনোভা হেলথকেয়ার ও এবি মেডিহেল্প সলিউশনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ইনোভা হেলথকেয়ার ও ভারতের এবি মেডিহেল্প সলিউশনসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর উত্তরার একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইনোভা হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুনা লায়লা এবং এবি মেডিহেল্প সলিউশনসের বাংলাদেশ কান্ট্রি বিজনেস লিড এ এ প্রিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান মেডিকেল ট্যুরিজম এবং রোগীদের জন্য সমন্বিত গাইডেন্স সেবা প্রদানে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের তথ্য ও পরামর্শ প্রদান, উপযুক্ত হাসপাতাল নির্বাচন, চিকিৎসা সমন্বয় এবং ভ্রমণ-সংক্রান্ত সহায়তা সহজতর করতে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যা আন্তর্জাতিক চিকিৎসা সেবায় প্রবেশাধিকারকে আরও সহজ করবে।
তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীরা আরও সাশ্রয়ী, মানসম্মত ও স্বাচ্ছন্দ্যময় মেডিকেল ভ্যালু ট্রাভেল সেবা পাবেন এবং দেশের মেডিকেল ট্যুরিজম খাতে নতুন গতিশীলতা সৃষ্টি হবে।


