সায়েদাবাদ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজিব শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শিকদার বাড়ি এলাকার আফতাবের ছেলে। তিনি পেশায় একটি তেল পাম্পের কর্মচারী ছিলেন। বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


