বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না: নাহিদ ইসলাম
বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যু দণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। বিরোধী দলের অবস্থায় তারা ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় তারা আবারও ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সিটিং এমপি গোপালগঞ্জে যেতে পারছে না। পুরো দেশের আইন-শৃঙ্খলা ব্যর্থ প্রমাণ হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপির সরকার গত আট মাসে বিচারের সকল কার্যক্রম স্থবির করে রেখেছিল। তারা নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে, তারা নির্বাচনে জিতেছে। এখন আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। এখন তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে, এখন তারা জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাসে এই জাতীয় ঐক্য কোথায় ছিল, ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল। এই জাতীয় ঐক্য কিন্তু বিএনপি বারবার ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, ভারত তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না, বা সেই চুক্তির নবায়ন হবে কি না, আমরা কিন্তু এখনও জানি না। পানিসম্পদ মন্ত্রী বলছেন, তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তার কোনো উত্তর পাননি। এখন তিনি বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপড়ের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত।


