শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ডিবি পুলিশসহ আহত ৯
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্য।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান।
তিনি জানান, ডিবির একটি দল শেরপুর থেকে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাচ্ছিল। পথে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ডিবি পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়।
ডিবি ওসি মো. রেজাউল করিম খান বলেন, আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেনের নির্মাণকাজ চলছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়ক সরু হয়ে যাওয়ার ফলে সেখানে জায়গা কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।


