নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা
আজ ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার, সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর, জনাব মারজানা আক্তার, কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় নারীর শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণমূলক আলোচনা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বিশেষভাবে বাল্যবিবাহ ও মাদককে 'না' বলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তাদেরকে পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান জন্য প্রস্তুত হতে বলেন। শিক্ষিত মা হয়ে শিক্ষিত প্রজন্ম গঠনে আত্মনিয়োগ করারও অনুরোধ জানান।
এছাড়া বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। বক্তারা শিক্ষার্থীদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আত্মবিশ্বাস ও মনোযোগের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে কলেজের শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কলেজের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২০ জুন ২০২৬ তারিখে সম্পন্ন হওয়া এ কার্যক্রমের প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ২ লক্ষ ১৪ হাজার টাকা। একইসঙ্গে ছাত্রীদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে ২৩ জুন ২০২৬ তারিখে "জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন" স্থাপন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় এসব উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে কলেজের খেলার মাঠ সংস্কার, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব স্থাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়।


