শিরোনাম

South east bank ad

৫১তম বিশেষ বিসিএসের আবেদন যেভাবে করবেন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন   |   সরকার

৫১তম বিশেষ বিসিএসের আবেদন যেভাবে করবেন

 
৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও এসব নির্দেশনা পাওয়া যাচ্ছে।


৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০৫ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৫ টাকা।
 
অনলাইনে আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।


এ সময় এসএসসি বা সমমান পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিতে হবে। শিক্ষা বোর্ডের ডেটাবেইসের সঙ্গে এসব তথ্য যাচাইয়ের পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ প্রয়োজনীয় কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। এসব তথ্য পরে পরিবর্তনের সুযোগ থাকবে না।
 
 
আবেদন ফরমের তিনটি অংশ—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ।


ব্যক্তিগত তথ্যের ঘরে জন্মতারিখ, লিঙ্গ, চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার ও ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি এবং নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার ও ওজন ৪০ দশমিক ৮২ কেজি হতে হবে।

দুটি পদে নিয়োগ
সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদের কোড ৪৫০। প্রথম পদের জন্য এমবিবিএস এবং দ্বিতীয় পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য দিতে হবে।

সব তথ্য পূরণের পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে ভুল থাকলে সংশোধন করতে হবে।


এরপর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল ও সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদন ফি দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। 

টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি দিতে হবে। সাধারণ প্রার্থীদের মূল ফি ২০০ টাকা। শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাটসহ মোট ২০৫ টাকা দিতে হবে। অন্যদের মূল ফি ৫০ টাকা; যাচাই চার্জসহ মোট ৫৫ টাকা।
 
ফি পরিশোধের পর প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।

বিপিএসসি জানিয়েছে, আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদনসংক্রান্ত সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ ও পরে ১ চাপলে হেল্পলাইনে সহায়তা পাওয়া যাবে।
BBS cable ad

সরকার এর আরও খবর: