৬ মাসের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে। সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার জীবদ্দশায় এই কর্মসূচি নিয়ে বাংলাদেশে একটি মহাবিপ্লব করেছিলেন। দীর্ঘদিন ধরে খাল খনন না থাকায় একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জলাশয়ে পানি নেই। সেচের ব্যবস্থা নেই। সবকিছু থেকে আমরা দেশবাসী বঞ্চিত।
এবার নির্বাচনী ইশতেহারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগ থেকেই বারবার এই কথাটা উল্লেখ করেছেন, খাল খনন প্রক্রিয়াটাকে পুনঃখননের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসবেন, আমরা দেশের মানুষ যেন সুবিধাটা পাই।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে আমরা মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে চারটা মন্ত্রণালয় আমরা বসে, বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই চারটা মন্ত্রণালয় আমরা বসব। আলোচনা করব এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে।
সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খননের এই কর্মসূচিকে সাকসেস করতে পারি, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাব। ১৮০ দিনের আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে।’


