গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
মঙ্গলবার (২ জুন( বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পণ্য ও প্রযুক্তির সুফল জনগণের হাতে পৌঁছে দিতে হবে। গবেষণালব্ধ সম্পদ ও উদ্ভাবনকে বাজারজাত করার পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিসিএসআইআর-এর গবেষণায় উদ্ভাবিত সম্পদকে কার্যকরভাবে বাণিজ্যিকীকরণ করতে হবে এবং জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, লক্ষ্য নির্ধারণ করে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং আজকের কাজ আজই সম্পন্ন করার মানসিকতা গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংস্থার কার্যক্রম, ব্যবস্থাপনা এবং অধীনস্থ ইউনিটগুলোর বিভিন্ন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে বিসিএসআইআর-এর সদস্যবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিসিএসআইআর-এর ১২টি ইউনিটের উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং সংস্থার ভ্রাম্যমাণ বিজ্ঞান ভ্যান পরিদর্শন করেন। পরে বিজ্ঞানীদের সঙ্গে পৃথক এক সভায় তিনি তাদের বিভিন্ন পেশাগত দাবি-দাওয়া আইন ও বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস দেন।


