শিরোনাম

South east bank ad

মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী শিগগিরই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন   |   মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী শিগগিরই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (২৫ জুন) মাদকের ভয়াবহ বিস্তার রোধে বিদ্যমান আইনি কাঠামো আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সরকার ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশোধিত আইনটির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে ‘২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আয়োজিত প্রেস ব্রিফিং ও বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির সহায়তায় অনলাইন ও অর্থ পাচারের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এ কারণে অপরাধ দমনে কঠোর ও আধুনিক আইনি কাঠামো প্রয়োজন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র, পরিবহন সুবিধা, ডগ স্কোয়াড এবং আধুনিক হাজতখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে নতুন আইন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে নিরাময় কেন্দ্রগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাতটি বিভাগীয় শহরে ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি কেন্দ্রের মধ্যে নির্বাচিত ৭৩টি কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। বেসরকারি কেন্দ্রগুলোকে মানবিক সেবা নিশ্চিত করতে সরকারি নীতিমালা ও জাতীয় গাইডলাইন অনুসরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: