ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
বৃহস্পতিবার (২৫ জুন) তিবিলিসিতে অনুষ্ঠিত জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অন্তর্ভুক্তিমূলক ও নাগরিক-বান্ধব ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
আজ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বলেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) বাংলাদেশের জন্য শুধু প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদেরও রাজধানীর বাসিন্দাদের মতো সহজে সরকারি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী জানান, বর্তমানে ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov), জাতীয় তথ্য বাতায়ন এবং ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করছেন। একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্যাবিনেট বিভাগের গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (GRS) ও ই-পার্টিসিপেশন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন। সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা আরও শক্তিশালী করতে ভবিষ্যতে ‘ই-পার্টিসিপেশন র্যাংকিং’ চালুর পরিকল্পনাও রয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।


