শিরোনাম

South east bank ad

জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক শিল্প ও স্থাপত্য প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রদর্শনীটি আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় উপকরণ ও কারুশিল্পের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তোলার নানা ধারণা তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, সরকার দেশের নগর পরিকল্পনাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সংবেদনশীল করতে কাজ করছে এবং সরকারি প্রকল্পে প্রতিবন্ধীসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান বলেন, এ প্রদর্শনী অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল জনপরিসর গড়ে তোলার নতুন ভাবনা তুলে ধরেছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, সৃজনশীল অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার ও তরুণদের অংশগ্রহণকে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক কাজী খালিদ আশরাফ। তিনি বলেন, স্থানীয় উপকরণ, কারুশিল্প ও মানুষের অংশগ্রহণের সমন্বয়ে নির্মিত এ প্রদর্শনী স্থাপত্য, প্রকৃতি ও জনপরিসরের মধ্যে নতুন সংলাপের সুযোগ সৃষ্টি করেছে।

প্রদর্শনীটির নেতৃত্ব দিচ্ছেন স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী। কিউরেটরিয়াল দিকনির্দেশনায় রয়েছেন লুভা নাহিদ চৌধুরী ও ওয়াকিলুর রহমান।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: