মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বিমান ও পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি বলেছেন, বর্তমান সরকার বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আফরোজা খানম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।


