রথযাত্রা উদ্বোধনে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সব ধর্মাবলম্বী মানুষের দেশ। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও জাতীয় ঐক্য বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
আজ রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতিতে সরকার বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সকল ধর্মাবলম্বী মানুষের আবাসভূমি। জনগণের সমর্থনে গঠিত সরকার উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সেই সম্প্রীতির বন্ধন বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


