EARN প্রকল্পে ৯ লাখ নিট যুবকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ
বৃহস্পতিবার (১৬ জুলাই) শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে নেই (NEET)—এমন ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনতে EARN (Economic Acceleration and Resilience for NEET) প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগম।
প্রতিমন্ত্রী বলেন, EARN প্রকল্পের মূল লক্ষ্য হলো যুবসম্পৃক্ততা বৃদ্ধি এবং যুব ও যুব নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার হলো প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুবিধা যুবসমাজের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের দেশীয় সনদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ প্রদানের সুযোগ রয়েছে কি না, তা বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিটি প্রশিক্ষণ সেশনে নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার ৬০ শতাংশই নারী। প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ ও বিশ্বব্যাংকের অনাপত্তির ভিত্তিতে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন সার্ভিস প্রোভাইডার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ, অতিরিক্ত প্রকল্প পরিচালক ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


