শিরোনাম

South east bank ad

তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে

সোমবার (১৭ আগস্ট) তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পানিসম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা অববাহিকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা এবং বর্ষায় অতিরিক্ত পানির প্রবাহ তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ উল্লেখ করে তিনি বলেন, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, মানুষের জীবনমান উন্নয়ন ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, তিস্তা উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দ্রুত কাজ করছে।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে যথাসময়ে চুক্তি নবায়নের কাজ চলছে। পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ তিনি কাছ থেকে দেখেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং দ্রুত এর গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, তিস্তা মহাপরিকল্পনার ব্যবস্থাপনা টেকসই করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। তিস্তার টেকসই সমাধানের পাশাপাশি পানির ন্যায্য হিস্যার বিষয়েও সরকার সজাগ রয়েছে।

সেমিনারে তিস্তার চ্যালেঞ্জ, টেকসই ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ এবং সেচ উন্নয়ন নিয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক মাসফিকুস সালেহীন, অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা।

সেমিনারে সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম উদ্দিন। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. আবুল ফজল এম সালেহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: