শিরোনাম

South east bank ad

চলতি বছরেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   মন্ত্রী

চলতি বছরেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
সোমবার (১৭ আগস্ট) চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

আজ সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।

এদিকে একই অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে।

তিনি বলেন, ১৮০ দিনের মধ্যে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং যেগুলো শুরু করেছে, সেগুলো প্রশংসিত হয়েছে বলে তিনি আশা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে।

দেশের জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট যেন না হয়, সেজন্য সারা পৃথিবী থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগও হবে।

তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জায়গা নির্ধারণ করতে জরিপ চলছে। জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও হয়েছে।

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোতে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে সরবরাহে বিঘ্ন ঘটে। এমন সমস্যার মুখোমুখি সরকার হয়েছে।

দেশের গ্যাস খাতে আমদানি নির্ভরতা কমানোর বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের সময়ে গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভরতা সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়েই গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনা প্রায় বাস্তবায়ন করা হয়েছে।

জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি প্রতিবেদনটি এখনও পড়েননি। শুনেছেন, সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হতে পারে। প্রতিবেদন না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

তিনি বলেন, প্রতিবেদনে যেসব বিষয় অনুমান করা হয়েছে বলে বলা হচ্ছে, অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর সরকার পদক্ষেপ নিতে পারে না। প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: