শিরোনাম

South east bank ad

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই অটো ফাইন সিস্টেম চালু

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই অটো ফাইন সিস্টেম চালু
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এ প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিস্টেমের উদ্বোধন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এর কার্যকারিতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, মহাসড়কে অবৈধ চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে সিসিটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব হবে।

মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সবিহীন থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। একই সঙ্গে স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি স্টেশন থেকে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে।

আইন লঙ্ঘনকারী গাড়ি শনাক্ত হওয়ার পর তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানানো হবে। গাড়ির মালিকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানা পরিশোধ করতে পারবেন।

বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: