খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরিতে উদ্যোগ
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষায় পাঠ্যবইনির্ভরতার পরিবর্তে খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে বিদ্যালয়ে খেলনা, শিক্ষা উপকরণ ও শিশুবান্ধব অবকাঠামো নিশ্চিত করা হচ্ছে।
আজ চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে স্কুল ফিডিং কর্মসূচি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য ‘জিরো আউট অব স্কুল চিলড্রেন’। কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, সে লক্ষ্যে শিশুদের বিদ্যালয়ে আকৃষ্ট করা, পুষ্টি নিশ্চিত করা এবং অভিভাবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, পাইলট কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে সংশোধন করে আগামী জানুয়ারি থেকে স্কুল ফিডিং কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।


