সাইবার আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হবে না এবং এর অপপ্রয়োগে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রস্তাবিত আইনটির খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতির প্রস্তাবসহ গণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ বিবেচনা করা হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত সুপারিশ নেওয়া হবে।
তিনি বলেন, মামলা বা আপিল নিষ্পত্তিতে অনির্দিষ্টকাল ঝুলে থাকা ঠেকাতে নির্দিষ্ট সময়সীমা রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তাকে এ প্রক্রিয়ার ফোকাল পয়েন্ট করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে সুপারিশ প্রণয়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশোধিত খসড়া আবারও ওয়েবসাইটে প্রকাশ করে জনগণ ও অংশীজনদের মতামত নেওয়া হবে। এরপর আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা শেষে মন্ত্রিসভায় এবং পরবর্তীতে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। তিনি বলেন, তাড়াহুড়ো করে আইনটি পাস করা হবে না; সংসদীয় আলোচনা ও বিভিন্ন পর্যায়ের মতামত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


