নবম পে স্কেলে কমছে বাড়িভাড়া ভাতা
জাতীয় বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও গ্রেডভেদে কমছে বাড়িভাড়া ভাতার হার। ২০১৫ সালের বিদ্যমান পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
একইভাবে অন্যান্য এলাকায়ও বাড়িভাড়া ভাতার হার কমানো হচ্ছে।
তবে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ায় ভাতার হার কমলেও টাকার অঙ্কে বাড়িভাড়া ভাতা বাড়বে। ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বাড়িভাড়া ভাতার হার ৪০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর এসব এলাকার বাইরে কর্মরতদের ক্ষেত্রে বিদ্যমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এদিকে নতুন পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানো হচ্ছে। অর্থাৎ গ্রেড যত উঁচু, বার্ষিক বেতন বৃদ্ধির হার তত কম হবে।
তবে ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব বহাল রাখা হয়েছে।
জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করলেও সচিব কমিটির সুপারিশে তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির হারও কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে।
প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে।


