জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ইউজিসি সদস্য
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই চেতনা বাস্তবায়নে শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মামুন বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ঋণ, কৃষিঋণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে।
তিনি জানান, উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার এবং আট বিভাগে এআই হাব প্রতিষ্ঠার উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বেরোবিতে থার্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিলে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ড. আব্দুল্লাহ-আল-মামুন।
পরে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


