বেইলি রোডে ২৭ জুন শুরু হচ্ছে তিন দিনের পাহাড়ি ফল মেলা
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ মেলার আয়োজন করছে।
মেলার উদ্বোধন হবে ২৭ জুন সকাল ১০টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে অংশগ্রহণকারী ৩০টি স্টলে বিভিন্ন মৌসুমি ও দুর্লভ পাহাড়ি ফল প্রদর্শন ও বিক্রি করা হবে। আম, আনারস, কাঁঠাল, কলার পাশাপাশি রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনোবেলের মতো নানা বাহারি ফলও থাকবে মেলায়।
আয়োজকরা জানিয়েছেন, রাজধানীবাসী কেমিক্যালমুক্ত টাটকা পাহাড়ি ফলের স্বাদ নেওয়ার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁতের বুনন সম্পর্কে জানার সুযোগ পাবেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় তিন পার্বত্য জেলা থেকে আগত নৃ-গোষ্ঠীর শিল্পীরা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।


