৬ দিনের সফরে প্রধানমন্ত্রী মালয়েশিয়া-চীন যাচ্ছেন কাল
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন রবিবার। এদিন দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
২১-২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন। এরপর দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।
শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন।
সফরসঙ্গী যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্র প্রধানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আগামী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। মালয়েশিয়া সফরের সময় আগামী ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন, পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সেখানে দুই দেশের পারস্পরিক সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের মতো বিষয় হবে।
তিনি বলেন, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সফরকালে দেশটির সঙ্গে মালয়েশিয়ার সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গে আসাদ আলম সিয়াম বলেন, এ সফরে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষে টার্মস অফ রেফারেন্স বিনিময় ছাড়াও আরো কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল আলোচনায় রয়েছে।


