শিরোনাম

South east bank ad

এবার গণপিটুনির শিকার ৪ ডিবি সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

 প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   ডিবি

এবার গণপিটুনির শিকার ৪ ডিবি সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টাকালে ৪ ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন ডিবি পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবি করেছিলেন আসামি গ্রেপ্তার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন ডিবি পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির, কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় গেলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি আত্মচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় আরো ৩ জন।

পরে উত্তেজিত জনতা আটদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে।
সেখানেও আবারও তাদেরকে গণধোলাই দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানান, গ্রেপ্তাররা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করেছিল।

.
BBS cable ad