শিরোনাম

South east bank ad

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন   |   মন্ত্রী

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন
মঙ্গলবার (৪ আগস্ট) দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) উদ্ভাবিত দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম— Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS) উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, CIRS ও NRS উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো। ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি বাড়ছে। CIRS-এর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজেই সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাবে। অন্যদিকে NRS সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও আস্থাশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে। তবে ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গড়ে তুলতে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি ব্যাংকিং, আর্থিক খাত ও সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিতে জানানো হয়, CIRS প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা সাইবার-সংক্রান্ত ঘটনা দ্রুত ও কাঠামোবদ্ধভাবে রিপোর্ট করতে পারবেন। প্রতিটি অভিযোগ যাচাই, বিশ্লেষণ, প্রতিক্রিয়া, মনিটরিং ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে।

এদিকে NRS দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে। National ICT and Cyber Security Maturity Rating Framework-এর আওতায় চারটি মূল স্তম্ভ ও ১৩১টি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে A থেকে E গ্রেডে মূল্যায়ন করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, CIRS ও NRS বাস্তবায়নের মাধ্যমে দেশের সাইবার স্থিতিস্থাপকতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: