বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক- এর বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত
গত ২২ জুন ২০২৬ (সোমবার) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক- এর বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘাঁটিতে অনুষ্ঠিত পরিদর্শন কুচকাওয়াজ অবলোকন করেন।
বার্ষিক পরিদর্শনকালে, বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক- এর বিভিন্ন অপারেশনাল স্থাপনা ও মহড়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যুদ্ধবিমানের ফরমেশন ফ্লাইং ডিসপ্লে, উদ্ধার কার্যক্রম এর অংশ হিসেবে হেলিকপ্টারের মাধ্যমে ‘উইঞ্চিং অপারেশন’(Winching Operation) পরিচালনা করে দুর্গত ব্যক্তিদের উদ্ধার এবং এএন-৩২ পরিবহন বিমানের মাধ্যমে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ (Search and Rescue) অভিযান মহড়া, ‘সারফেস টু এয়ার মিসাইল ইউনিট’ (SAM Unit) এর কার্যক্রম মহড়া প্রদর্শন করা হয়। একই সঙ্গে ‘আনম্যানড এরিয়াল ভেহিকলস’ (Unmanned Aerial Vehicles- UAV) ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি, শত্রুপক্ষের অবস্থান শনাক্তকরণ এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি বা স্থান পর্যবেক্ষণ করতঃ তথ্য সংগ্রহের জন্য লাইভ অপারেশন পরিচালিত হয়। পরিদর্শনকালে, বিমান বাহিনী প্রধান অত্র ঘাঁটির অপারেশনাল প্রস্তুতি ও সক্ষমতার প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান ঘাঁটিস্থ অডিটোরিয়ামে সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
উক্ত বার্ষিক পরিদর্শনকালে, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ঘাঁটির সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, একই দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) এর সম্মানিত সভানেত্রী সালেহা খান বাফওয়া আঞ্চলিক শাখা জহুর এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বাফওয়া আঞ্চলিক শাখা জহুর কর্তৃক পরিচালিত বিভিন্ন কোর্সসমূহের সার্বিক অবস্থা তথা কোর্স সমাপনান্তে প্রশিক্ষণার্থীদের সাফল্য সম্পর্কে অবগত হোন এবং তাঁদের সাথে মতবিনিময় করেন। সভানেত্রী প্রশিক্ষণার্থীদের প্রস্তুতকৃত বিভিন্ন সামগ্রী পরিদর্শন করেন এবং তাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী হবার ব্যাপারে উৎসাহিত ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া সম্মানিত সভানেত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে আঞ্চলিক বাফওয়া কার্যালয়ের সামনে বনজ গাছের চারা রোপণ করেন। এ সময়, বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-পত্নীবৃন্দ উপস্থিত ছিলেন।


