উত্তরা ও নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, তিন শতাধিক দোকান অপসারণ
রবিবার (২১ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা শাহজালাল এভিনিউ, শায়েস্তা খান এভিনিউ, উত্তরা ৩ নম্বর সেক্টরের সিয়াম টাওয়ার সংলগ্ন এলাকা এবং নিকুঞ্জ-২ এ হোমিওপ্যাথিক হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন শতাধিক অবৈধ দোকান অপসারণ করা হয়।
অভিযান চলাকালে উত্তরা-১ জোনে মোট পাঁচটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে পৃথক আরেক অভিযানে উত্তরা সেক্টর-৩ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ডিএনসিসি জানিয়েছে, নগরীর শৃঙ্খলা রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


