শিরোনাম

South east bank ad

নাগরিক অংশগ্রহণে নগর সমস্যা সমাধানে ‘দক্ষিণের জানালা’ চালু

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

নাগরিক অংশগ্রহণে নগর সমস্যা সমাধানে ‘দক্ষিণের জানালা’ চালু
শনিবার (৬ জুন)  নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সমন্বয়ে নগর সমস্যার তথ্যভিত্তিক সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ সকালে রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্যোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মন্ত্রী বলেন, ‘দক্ষিণের জানালা’ শুধু সেমিনারে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নগর শাসন প্রক্রিয়ায় মতামত ও অংশগ্রহণের সুযোগ পাবেন, যা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবভিত্তিক উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সংকট ও জনস্বাস্থ্য ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ‘দক্ষিণের জানালা’ সেই উদ্যোগেরই একটি বাস্তব রূপ, যেখানে নাগরিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা একসঙ্গে সমস্যা চিহ্নিত ও সমাধানের পথ খুঁজবেন।

তিনি জানান, খাতভিত্তিক সেমিনার, টাউন হল সভা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক কমিটির মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করা হবে। তার ভাষায়, লক্ষ্য শুধু আলোচনা নয়, বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথম সেশনে ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা: বাস্তবতা ও করণীয়’ বিষয়ে বিশেষজ্ঞরা জলাবদ্ধতার কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন।

দ্বিতীয় সেশনে ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’ বিষয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ ব্যবস্থাপনা ও সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

উভয় সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসসিসি প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগরজীবনের সমস্যা সমাধানে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে কার্যকর ও প্রয়োগযোগ্য সমাধান নিশ্চিত করতে ‘দক্ষিণের জানালা’ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশেষজ্ঞরা।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: