বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ১৫ মাস্টার ট্রেইনার তৈরি
বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও একাডেমিক নেতৃত্ব জোরদারে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ইউজিসির ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কক্সবাজারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষাবিদ অংশ নেন। প্রশিক্ষণে কৌশলগত সুশাসন, মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষাদান, গবেষণা নেতৃত্ব এবং শিল্প-শিক্ষা খাতের অংশীদারিত্বসহ ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন মাস্টার ট্রেইনারের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
হিট প্রকল্প সূত্রে জানানো হয়, এই ১৫ জন মাস্টার ট্রেইনার ভবিষ্যতে ন্যাশনাল ট্রেইনার তৈরি করবেন। এর মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত হবে।


