আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদে আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ডাক্তার, নার্সসহ বাংলাদেশি দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়েও আলজেরিয়াকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি উল্লেখ করে সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


