২ কোটি শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এখানেই কর্মসূচি শেষ নয়। একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে কোনো কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রত্যন্ত চরাঞ্চল পর্যন্ত শিশুদের কাছে টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কাজে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, সিটি করপোরেশন, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছেন।
তিনি বলেন, যত বাধা ও চ্যালেঞ্জই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।


