সাবেক বাণিজ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ নুর আলম গ্রেপ্তার
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী ও রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাত পৌনে ১০টায় রংপুরের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাকে মাঝে মাঝে প্রকাশ্যে দেখা যাচ্ছিল।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রীর ছত্রচ্ছায়ায় গত এক দশক ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন নুর আলম। তার গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে গভীর রাতেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন স্থানীয়রা।
কল্যাণী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে থেকে সরকারি রাস্তার দেড় কোটি টাকার গাছ বেআইনিভাবে বিক্রি এবং উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নুর আলমের বিরুদ্ধে।
ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিউর রহমান জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে একটি সাজানো মামলায় রিমান্ডে নিয়ে পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করেন নুর আলম।


