শিরোনাম

South east bank ad

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন   |   দেশ

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা পরিষ্কারের কাজ চলাকালে ডুবুরি মো. সাদিক নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী (নেভি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।

দিনভর যৌথ অভিযান চালানোর পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আরিচা স্থল-কাম নদী ফায়ার স্টেশন, মানিকগঞ্জে (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) কর্মরত ডুবুরি মেরাজ আলী নিখোঁজ সাদিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিও অর্জন করেছিলেন।

BBS cable ad