ড্যাপ রিভিউ প্রকল্প নিচ্ছে রাজউক
বিদ্যমান ড্যাপের গেজেট প্রকাশের পর থেকেই ছোট প্লটের মালিকদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। তবে রাজউকের দাবি, রাস্তা সরু ও প্লটের আয়তন কম হওয়ায় বড় ভবন নির্মাণের সুযোগ দেয়া হয়নি।
রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ ২০২২-৩৫) সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব প্রস্তুত করেছে সংস্থাটি। রাজউক সূত্র জানিয়েছে, এ প্রকল্পের আওতায় বিদ্যমান ড্যাপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, সুপারিশকৃত নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন ও সংযোজন করা হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ বছর অন্তর ড্যাপ পর্যালোচনা করার কথা। সে হিসাবে ২০২২ সালের ড্যাপ পর্যালোচনার সময় হবে ২০২৭ সালে। এ বিষয়টি বিবেচনায় রেখে রাজউকের নগর পরিকল্পনা বিভাগ ড্যাপ সংশোধনের জন্য একটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব প্রস্তুত করেছে। রাজউক সূত্র জানিয়েছে, খসড়াটি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে রয়েছে।
এ বিষয়ে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘ঢাকা একটি ক্রমবর্ধমান নগরী। পাঁচ বছরে এ শহরে অনেক পরিবর্তন ঘটে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নগর পরিকল্পনায় নতুন চাহিদা তৈরি হয়। এসব বিবেচনায় প্রতি পাঁচ বছর অন্তর ড্যাপ সংশোধনের নিয়ম রাখা হয়েছে। সে অনুযায়ী সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে। এরই মধ্যে একটি প্রকল্পের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন পেলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’


