জনগণের দোরগোড়ায় সেবাপ্রদান নিশ্চিত করতে জেলা প্রশাসকের গণশুনানি
আজ ০১ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যার কথা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন।
এদিন ৫৬ জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ২ জন ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়।
উল্লেখ্য, গণশুনানিতে অংশগ্রহণকারী ২ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকার ও বিভিন্ন এনজিও কর্তৃক প্রদত্ত আর্থিক ও চিকিৎসা সহায়তা সহজে পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া প্রায় ২০ জন ব্যক্তিকে তাঁদের সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদের সিইও, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সিভিল সার্জন অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।


