জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে মুন্সীগঞ্জ জেলায় "নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার" শীর্ষক সেমিনারের আয়োজন*
আজ ১১ জুলাই, ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত হয় “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, প্রশাসক, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ জনাব এ. কে. এম. ইরাদত এবং সিভিল সার্জন, মুন্সীগঞ্জ ডা: সাজেদা বেগম এবং অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, জনাব নিশাত নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও আপামর জনসাধারণ।
সেমিনারে প্রধান অতিথি মহোদয় নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নেতৃত্ব বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেন।
তিনি নারীদের যুগোপযোগী শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর মর্যাদা, সমঅধিকার ও নেতৃত্ব নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, উদ্ভাবনী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে নিরন্তর অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।


