শিরোনাম

South east bank ad

তরুণদের প্রযুক্তির নির্মাতা হতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

তরুণদের প্রযুক্তির নির্মাতা হতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
রবিবার (১৪ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, পরিবর্তিত বাস্তবতায় তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যে জাতি জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে, সে জাতি অর্থনীতি, শিল্প, শিক্ষা ও উন্নয়নেও এগিয়ে থাকে। তাই বিজ্ঞানচর্চা কেবল একাডেমিক কার্যক্রম নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি বলেন, বাংলাদেশকে উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করতে দক্ষ মানবসম্পদ, গবেষণাসক্ষম প্রতিষ্ঠান এবং সৃজনশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা জরুরি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি বড় আবিষ্কারের শুরু হয় একটি ছোট প্রশ্ন থেকে। তাই প্রশ্ন করা, পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন কিছু আবিষ্কারের সাহস অর্জন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, ই-কমার্সে যুক্তকরণ এবং মেধাভিত্তিক নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি বিজ্ঞানীরা কাজ করছেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহীদের সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। তরুণদের বড় স্বপ্ন দেখার এবং লক্ষ্য অর্জনে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, সফলতার জন্য অধ্যবসায়ের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে পরমাণু শক্তি কমিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটসহ আধুনিক গবেষণাগার রয়েছে, যেখানে ভবিষ্যৎ গবেষকরা কাজের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিজ্ঞানী ও গবেষক ড. আব্বাস উদ্দিন আহমেদ এবং মারজানা আক্তারকে বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মন্ত্রী খুদে ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ১৪ থেকে ১৬ জুন ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: