শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার: ২০২৮ কারিকুলামের যাত্রা শুরু

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার: ২০২৮ কারিকুলামের যাত্রা শুরু


রবিবার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে। নতুন কারিকুলামে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার বিষয়গুলো গুরুত্ব পাবে।

আজ ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত ‘Primary Curriculum Development: Guiding Principles for Textbook, Teacher Guide, Remedial Guide, and Video Lesson Design for DPE, NAPE, NCTB, and Curriculum Partners’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলাম সংস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদক্ষতা, গণিত দক্ষতা, মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (FLN) এবং জীবনঘনিষ্ঠ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বই পড়ে তা বুঝতে পারে, নিজের ভাষায় প্রকাশ করতে পারে এবং শেখার প্রতি আগ্রহী হয়—সেই লক্ষ্য নিয়েই নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে।

ববি হাজ্জাজ আরও জানান, প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট ‘লার্নিং আউটকাম’ এবং পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীদের অর্জনযোগ্য দক্ষতার একটি ‘এক্সিট প্রোফাইল’ নির্ধারণ করা হবে। এর ভিত্তিতেই পাঠ্যপুস্তক, শিক্ষক নির্দেশিকা, মূল্যায়ন পদ্ধতি ও অন্যান্য শিক্ষাসামগ্রী তৈরি করা হবে।

নতুন কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভিডিও লেসন, ডিজিটাল কনটেন্ট এবং সহায়ক শিক্ষাসামগ্রীও তৈরি করা হবে। এছাড়া প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে খেলাধুলা ও আনন্দভিত্তিক শিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (IFP) স্থাপন করা হবে এবং আগামী তিন বছরের মধ্যে প্রতিটি শ্রেণিকক্ষে এ প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, BRAC, CAMPE এবং Plan International Bangladesh-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: